ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা নিজের গাওয়া ‘টাটেরি’ গানে অশ্লীল শব্দ ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে জাতীয় মহিলা কমিশন (NCW)-এর অফিসে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাদশা ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে জানিয়েছেন, তার গানটি কখনও নারী বা শিশুর অসম্মান করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। তবে গানটি অনেকের অনুভূতিতে আঘাত হেনায় তিনি এটি দ্রুত অনলাইন থেকে সরিয়ে দেবেন।
শুনানির সময় বাদশা আরও জানিয়েছেন, তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন বিষয়ক একটি বিশেষ গান তৈরি করবেন। পাশাপাশি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেবেন এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকার করেছেন।
মহিলা কমিশন এই প্রতিশ্রুতিগুলো খতিয়ে দেখছে। আপাতত ‘টাটেরি’ গানটির অশ্লীলতা কাটিয়ে নতুন গান এবং সমাজসেবামূলক কাজের দিকে নজর থাকবে বাদশার।