বলিউডের মেগা বাজেটের সিনেমা রামায়ণ-এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। ছবিতে রণবীর কাপুর-এর লুক ও অভিনয় নজর কেড়েছে ভক্তদের। তবে প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও দেখা যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, পর্দায় শ্রীরামচন্দ্রের চরিত্রে নিজেকে উপস্থাপন করতে গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। তবে এই চরিত্রে অভিনয়ের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তিনি উল্লেখ করেছেন তার মেয়ে রাহা কাপুর-এর নাম।
রণবীর বলেন, শুটিং শেষে বাসায় ফিরে তিনি নিয়মিত মেয়েকে রামায়ণের গল্প শোনাতেন। ছোট্ট রাহা সেই গল্পে এতটাই মুগ্ধ হয়ে পড়ত যে বাবাকে নানা প্রশ্ন করত—আজ কী হনুমানের সঙ্গে শুটিং করলে? সীতার সঙ্গে কী করলে? এই অভিজ্ঞতাই তাকে চরিত্রটির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করেছে।
তিনি আরও বলেন, বাবা হওয়ার সময়েই এমন একটি ছবিতে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ আশীর্বাদ।
নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিটি প্রায় ৪০০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে। দুই পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে—প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসবে।