যুক্তরাষ্ট্রে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ নতুন বিতর্কে জড়িয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট আইন কার্যকর হলে বহু বিবাহিত নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
আইন অনুযায়ী, ভোটারদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে জন্ম সনদ বা পাসপোর্ট দেখাতে হবে। কিন্তু অনেক নারী বিয়ের পর নাম পরিবর্তন করেন, ফলে জন্ম সনদের সঙ্গে ভোটার তালিকার নাম মিলছে না। এ আইন পাস হলে, এমন নারীদের রেজিস্ট্রারের কাছে গিয়ে আসল পরিচয় প্রমাণ করতে হবে।
স্ট্রিপের মতে, আসন্ন নভেম্বর নির্বাচনে যদি জন্মসনদ ও ভোটার তালিকার নামের মিল না থাকে, তাহলে সেই ব্যক্তিকে ভোটার হিসেবে অযোগ্য ঘোষণা করা হতে পারে। তিনি সকল নারীর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের নীতির সমালোচনায় সরব হয়েছেন মেরিল স্ট্রিপ। ২০১৬ সালে তিনি ট্রাম্পকে ব্যঙ্গ করে মঞ্চে অভিনয় করেছিলেন এবং পরবর্তীতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর আচরণের কঠোর সমালোচনা করেন।