চলমান যুদ্ধে ইরান হরমুজ প্রণালি বন্ধ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ও আক্রমণাত্মক ভাষায় হুমকি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সোমবার (৬ এপ্রিল) দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, ট্রাম্প তার সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত পোস্টে উল্লেখ করেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর বড় আক্রমণ চালানো হবে। এই হুমকির পরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের এই হুমকিকে ‘উন্মাদের প্রলাপ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এমন আচরণ মার্কিন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং মিত্রদের সঙ্গে সম্পর্ককে দুর্বল করছে।
স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের আচরণকে বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন। সিনেটর ক্রিস মারফি বলেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের মাধ্যমে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে এবং ভাইস প্রেসিডেন্টকে দায়িত্বে বসানো সম্ভব।
এ ছাড়াও ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মার্জোরি টেলর গ্রিনও তার হুমকির তীব্র সমালোচনা করে জানিয়েছেন, ট্রাম্প মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।