আজ সোমবার (৬ এপ্রিল) বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন। ১৯৩১ সালের এই দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রদেশের পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে জন্মগ্রহণ করেন তিনি।
শৈশব থেকেই গান, নাটক ও অভিনয়ে আগ্রহ থাকায় পাবনার বিভিন্ন অনুষ্ঠান ও নাটকে অংশগ্রহণ করতেন সুচিত্রা সেন। ১৯৫২ সালে তার প্রথম ছবি শেষ কোথায়-এ অভিনয় করেন, যদিও ছবিটি মুক্তি পায়নি। পরের বছর তিনি সাত নম্বর কয়েদি ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দর্শকের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলা চলচ্চিত্রে তিনি ৩৫ বছর প্রধান নায়িকা হিসেবে কাজ করেছেন এবং মোট ৫৬টি বাংলা ও ৭টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে অভিনেতা উত্তম কুমারের সঙ্গে জুটিতে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার প্রকৃত নাম ছিল রমা দাশগুপ্ত। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন মিউনিসিপ্যালিটির স্যানিটারী ইন্সপেক্টর এবং মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। শৈশব ও প্রাথমিক শিক্ষা তিনি পাবনাতেই সম্পন্ন করেন, পরবর্তীতে পরিবার কলকাতায় স্থানান্তরিত হয়।