রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউডে শিল্পীদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ বাড়ছে। এ প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে জরুরি সভা ডেকে ফোরামের সদস্যরা এ সিদ্ধান্ত নেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত আগামী ৭ এপ্রিল থেকে টলিউডে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।
এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অঞ্জনা বসুসহ আরও অনেক তারকা শিল্পী।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এ আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তিনি প্রথমে কলকাতার রিজেন্ট পার্ক থানায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় ওড়িশার তালসারিতেও আরেকটি এফআইআর করেন।