গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতের মধ্যে ইরান ও ইসরায়েল ৪৫ দিনের জন্য স্থগিত যুদ্ধবিরতির বিষয়ে অতি দ্রুত সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বিভিন্ন সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) নিজের এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে না নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে না আসে, তাহলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।
তবে মধ্যপ্রাচ্যের সূত্রগুলো এক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্পের হুঁশিয়ারি মেনে নেওয়ার কোনো সম্ভাবনা ইরানের পক্ষ থেকে নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রস্তাবিত ৪৫ দিনের যুদ্ধবিরতি চলমান উত্তেজনা হ্রাস করতে কার্যকর হতে পারে।
প্রস্তাবিত যুদ্ধবিরতির ক্ষেত্রে প্রথম পর্যায়ে বিরতির সময়কালে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালানো থেকে বিরত থাকবে। এরপর, মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তিন দেশের সরকারি প্রতিনিধিরা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আলোচনা শুরু করবেন। বর্তমানে ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অন্তিম পর্যায়ে রয়েছে।
এ বিষয়ে এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের গভীর পর্যালোচনা চলছে এবং ঘোষিত ডেডলাইন পেরোনোর আগেই আলোচনার ফলাফল জানা যাবে বলে তিনি আশা করছেন।