রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে, দেশটি জানিয়েছে যে জোটটি ধীরে ধীরে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের দিকে এগোচ্ছে সামরিক ব্যয় এবং তৎপরতা বাড়ানোর মাধ্যমে। বুধবার (১ এপ্রিল) রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস এই তথ্য প্রকাশ করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক ব্রিফিংয়ে বলেন, পরিসংখ্যানই সব কিছু প্রকাশ করছে। তার মতে, ন্যাটো আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।
তিনি জানান, ২০২৫ সালের জন্য ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় প্রায় ১.৬৪ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। জাখারোভা প্রশ্ন তোলেন, “এত বিশাল ব্যয়ের পরও কি আমরা হুমকির মুখে?”
তিনি আরও উল্লেখ করেন, ন্যাটোর মহাসচিব মার্চ রুটো উপস্থাপিত ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদনে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে উত্তেজনা বৃদ্ধির পিছনে কারা প্রভাবশালী।
জাখারোভা বলেন, গত বছর ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে, এবং সদস্য দেশগুলো স্বতন্ত্রভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম চালিয়েছে। তিনি দাবি করেন, এসব মহড়ায় শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা আগ্রাসী মনোভারের প্রমাণ দেয়।
রাশিয়ার এই মুখপাত্র অভিযোগ করেন, ন্যাটোর প্রতিবেদনে পুনরায় রাশিয়াকে ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, এটি ‘ভিত্তিহীন’। এছাড়া জাখারোভা ন্যাটোর বিভিন্ন অভিযোগ, যেমন আকাশসীমা লঙ্ঘন, নাশকতা এবং সাইবার হামলার ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তার মতে, প্রমাণ ছাড়া এসব অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই।