পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি-তে একটি সামরিক ঘাঁটির গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং আরও কমপক্ষে ৫৭ জন আহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী বুজুমবুরা-র উপকণ্ঠের মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে প্রথমে আগুন লাগে, যা পরে ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দূর থেকেও শিখা দেখা যাচ্ছিল, আর বিস্ফোরণে গুদামে থাকা গোলাবারুদ চারদিকে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে চলে যান।
বুরুন্ডির সেনাবাহিনীর মুখপাত্র গ্যাসপার্ড বারুতোজা জানান, গুদামে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে অন্তত তিনজন সেনাসদস্য রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। তবে নিহতদের মধ্যে সামরিক বা বেসামরিক কেউ রয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি দুর্ঘটনা এবং কোনো বাহ্যিক হামলার ঘটনা নয়। এ বিস্ফোরণের কারণে সামরিক ঘাঁটি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।