সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে এক ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে ওই বাংলাদেশির ওপর আঘাত হানে। তিনি আল রিফা এলাকার একটি খামারে কর্মরত ছিলেন।
বুধবার (১ এপ্রিল) প্রকাশিত তথ্যে জানানো হয়, ড্রোনটি ফুজাইরাহ আকাশসীমায় প্রবেশ করার পর সেটিকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ধ্বংসের পর ড্রোনটির ভগ্নাংশ নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠনের বরাতে জানা গেছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটিকে টার্গেট করা হয়। এ সময় ধ্বংসাবশেষ খামারের ভেতরে পড়ে এবং দুর্ভাগ্যজনকভাবে তা গিয়ে আঘাত করে ওই বাংলাদেশি শ্রমিকের শরীরে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংগঠনটি আরও উল্লেখ করেছে, ড্রোনটি সফলভাবে প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ থেকেই প্রাণহানির এই ঘটনা ঘটে। এদিকে, এখনো নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সরকারি কর্মকর্তারা এ বিষয়ে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা উপস্থিত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।