ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যতক্ষণ শত্রুরা আত্মসমর্পণ করছে না, ততক্ষণ চলমান যুদ্ধ থামবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের সদরদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ধারণা অপ্রতুল বলে উল্লেখ করেছে।
এদিনের ভাষণে ডোনাল্ড ট্রাম্প ইরানকে “প্রস্তর যুগে” ফিরিয়ে আনার হুমকি দিলে, ইরানের সেনাবাহিনী তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, আপনারা আমাদের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিশেষ সরঞ্জামগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছেন বলে ভুল করবেন। আমাদের সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনারা একেবারেই অজ্ঞ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব এলাকায় সচল রয়েছে, যেগুলোতে পৌঁছানো শত্রুর পক্ষে কখনো সম্ভব হবে না।
সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, আরও দীর্ঘ এবং ধ্বংসাত্মক হামলা চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্থায়ীভাবে চূড়ান্ত আত্মসমর্পণ করে।