বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডালিয়া নওশীন দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো বোন, প্রখ্যাত সংগীতশিল্পী সাদিয়া আফরীন মল্লিক। ডালিয়ার প্রয়াণে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারি ও ফারহিন খান জয়িতাসহ অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

মহান মুক্তিযুদ্ধের সময়ে তিনি দেশের স্বাধীনতার পক্ষে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। তাদের দল প্রথমে ‘রূপান্তরের গান’ নামক গীতিনাট্যে গান পরিবেশন করলেও পরে নাম পরিবর্তন করে ‘মুক্তির গান’ নামকরণ করা হয়। নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন স্থানে স্বাধীন বাংলাদেশের পক্ষে সঙ্গীত পরিবেশনের পর তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।

১৯৫৫ সালে জন্মগ্রহণ করা ডালিয়া নওশীন বাংলাদেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগী ছিলেন তিনি। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। তিনি ভারতের বর্ধমানের অন্তর সংগীত মহাবিদ্যালয় এবং চন্ডীগরের প্রাচীন কলা কেন্দ্র থেকে উত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নজরুল সঙ্গীতে ‘সঙ্গীত বিশারদ’ উপাধিও অর্জন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com