ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র আইসিইউ দর্শকদের জন্য এক আবেগঘন স্মৃতি হয়ে থাকছে। তাঁর আকস্মিক প্রয়াণে ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সেই সঙ্গে ছবিটি নিয়ে তৈরি হয়েছে গভীর আগ্রহ ও প্রতীক্ষা। এই সিনেমার মাধ্যমেই দর্শকরা শেষবারের মতো বড় পর্দায় দেখতে পাবেন তাঁর অনবদ্য অভিনয়।
আইসিইউ একটি সময়োপযোগী গল্পভিত্তিক চলচ্চিত্র। গল্পে দেখা যায়, তিন যুবক তাদের বাড়িওয়ালার হাত থেকে বাঁচতে একটি প্র্যাঙ্ক করে। কিন্তু সেই ঘটনাই অপ্রত্যাশিতভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর গল্পে একের পর এক চমকপ্রদ মোড় আসে, যা ছবিটিকে শুধু বিনোদন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তায় রূপ দিয়েছে।
ছবিটির পরিচালক সৌভিক দে বলেন, “রাহুল শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ। প্রতিটি দৃশ্যে তাঁর অভিনয়ের গভীরতা ছিল অসাধারণ, যা দর্শকদের মুগ্ধ করবে এবং দীর্ঘদিন মনে থাকবে।”
নির্মাতা আরও জানান, ছবিটির ডাবিং চলাকালে রাহুল হেসে বলেছিলেন, “এটা হয়তো আমার শেষ ছবি।” তখন বিষয়টি সবাই মজা হিসেবেই নিয়েছিলেন। কিন্তু আজ সেই কথাই নির্মম বাস্তবতায় পরিণত হয়েছে।
এই চলচ্চিত্রে রাহুলের পাশাপাশি অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, শ্রীমা ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র এবং দেবরাজ ভট্টাচার্যসহ আরও অনেকে। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে এবং ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।