রোমান্টিক ডার্ক-কমেডি সিনেমা দ্য ড্রামা তে জুটি বাঁধলেন রবার্ট প্যাটিনসন ও জেনডায়া। ইতোমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে, যা সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
ট্রেলারে দেখা যায়, চার্লি (রবার্ট প্যাটিনসন) একজন ব্রিটিশ মিউজিয়াম কিউরেটর। সে এমা (জেনডায়া)-কে পছন্দ করলেও হঠাৎ এক ঘরোয়া আড্ডায় এমা জানান, কিশোর বয়সে তিনি একটি স্কুল শুটিং হামলার পরিকল্পনা করেছিলেন। এমার এই চাঞ্চল্যকর বিষয়টি জানার পর চার্লির শান্ত জীবন এক নিমিষেই উলটপালট হয়ে যায়।
সিনেমার পরিচালক ক্রিস্টোফার বোর্গলি জানিয়েছেন, ছবির মূল কেন্দ্রে রয়েছে চার্লি চরিত্রটি। রবার্টের যোগদানের কারণে ছবির প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। এমার চরিত্রকে রহস্যময় ও শান্তভাবে উপস্থাপন করা হয়েছে, যা পুরো সিনেমার উত্তেজনা তৈরি করবে। এ ছাড়া অ্যালানা হাইম, মামুদু অ্যাথি ও হেইলি গেটসসহ অন্যান্য শিল্পীরাও এতে থাকছেন। সব ঠিক থাকলে ছবিটি চলতি বছরের ৩ এপ্রিল মুক্তি পাবে।