বলিউডে চার দশক ধরে রাজত্ব করা কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক গান থেকে দূরে। ২০২৪ সালে হঠাৎ গানের যাত্রা থেমে যায় তার, কারণ তিনি নিজেই জানিয়েছিলেন, তার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা বলেন, এখনও তার শ্রবণশক্তি তেমন ভালো হয়নি। নিয়মিত গান গাওয়ার মতো অবস্থায় নেই তিনি। যদিও অনেক গীতিকার ও সুরকার এখনও তাকে গান করার প্রস্তাব দেন, কিন্তু তিনি আর গাইতে পারছেন না।
অলকা নতুন প্রজন্মের শিল্পীদেরও সতর্ক করে বলেন, উচ্চ শব্দ থেকে দূরে থাকা এবং হেডফোনে কাজ করার সময় যতটা সম্ভব সাবধান হওয়া উচিত।
কীভাবে শ্রবণশক্তি হারালেন অলকা? ২০২৪ সালে তিনি এক বিবৃতিতে জানান, বিমান থেকে নামার কয়েক সপ্তাহ আগে তিনি অনুভব করেন, কানে কিছুই শুনতে পাচ্ছেন না। চিকিৎসকের পরামর্শে জানা যায়, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যার ফলে তার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। তিনি তখন ভক্তদের জন্য প্রার্থনা চেয়েছিলেন।
এই অবস্থায় সংগীতপ্রেমীরা তার অভাব অনুভব করছেন। সম্প্রতি তার জন্মদিনে উদিত নারায়ণও অলকার আরোগ্য কামনা করেছেন।