ঈদুল ফিতরে দেশে প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করা সিনেমা ‘দম’ এবার আন্তর্জাতিক পর্দায় পা রাখছে। আগামী ১০ এপ্রিল থেকে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের নির্বাচিত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ।
শাহরিয়ার শাকিল জানান, যুক্তরাষ্ট্রের এক সপ্তাহের প্রদর্শনের পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে ছবিটি দর্শকের সঙ্গে দেখা করবে।
রাজ হামিদ বলেন, “উত্তর আমেরিকার দর্শকরা বাংলা সিনেমার প্রতি নতুন আগ্রহ দেখিয়েছেন। দর্শকদের ভালোবাসার কারণে আমাদের ৫৩তম আন্তর্জাতিক পরিবেশনা সম্ভব হয়েছে।”
দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সঙ্গে চলা সিনেমাটি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সিনেপ্লেক্সগুলোতেও প্রবাসী দর্শকদের নজর কেড়েছে।
‘দম’ সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এবং এর একটি বড় অংশ শুটিং করা হয়েছে কাজাখস্তানে। সিনেমাটির প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, চরকি সহযোগী প্রযোজক। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী, এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।