পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ইতিমধ্যেই দর্শক ও বাণিজ্যিক উভয় দিক থেকে সাড়া ফেলেছে। তুলনামূলকভাবে কম শো থাকা সত্ত্বেও প্রেক্ষাগৃহে সিনেমাটি দর্শক টানছে।
পরিচালক তানিম নূর জানিয়েছেন, মুক্তির মাত্র আট দিনে সিনেমাটি ২ কোটি টাকার বেশি আয় করেছে। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’-এর গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ টাকায়।
তানিম নূর বলেন, দর্শকরা বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে দল বেঁধে ছবিটি দেখতে আসছেন। এটি আমাদের জন্য সত্যিই আনন্দের।
টিকিটের অভাব নিয়ে তিনি বলেন, আমি একজন পরিচালক মাত্র, সিনেমা হলের মালিক নই। টিকিট বা শো বাড়ানো-কমানোর বিষয়টি সম্পূর্ণভাবে সিনেমা হলের দায়িত্ব। যদি তারা কম শো দেয়, আমরা সেটি মেনে নেওয়ার বাইরে আর কিছুই করতে পারি না।
‘বনলতা এক্সপ্রেস’ মূলত একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের জীবনের নানা দিক ফুটিয়ে তোলা গল্প। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।