অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’–এর টিজার। এসকে ফিল্মস তাদের ইউটিউব চ্যানেলে ১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজার ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওর শুরুতেই ধরা পড়ে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের দৃশ্য, যেখানে প্রিন্স চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। লম্বা চুল আর চোখে সানগ্লাসে দেখা যায় তাকে, অ্যাকশনের মেজাজে ভরপুর। এরপর টিজারে দেখা যায়, প্রিন্স প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলির ঝড় ঝরাচ্ছেন।
শাকিবের আরও একটি চেহারা দেখা গেছে ছোট চুল ও ভিন্ন লুকে। এছাড়াও টিজারে উপস্থিত রয়েছেন আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য, এবং দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
টিজারের শেষ মুহূর্তে প্রিন্সের কণ্ঠে শোনা যায় সংলাপ, “আমার সাথে যে ধান্ধা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের ঝড়।”
পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, প্রিন্স কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়, এটি সম্পূর্ণ একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা। ছবির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতে। ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অন্যান্য অভিনয়শিল্পী।