প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর বগুড়ার মধুবন সিনেপ্লেক্স আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আবার চালু হচ্ছে। ঈদের দিনই ঢালিউড সুপারস্টার শাকিব খানের অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি দিয়ে হলটি নতুনভাবে দর্শকের জন্য উন্মুক্ত হবে।
লোকসানের কারণে গত ১৮ সেপ্টেম্বর সিনেপ্লেক্সটি বন্ধ হওয়ার পর হলটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল জানান, লোকসানের কারণে বাধ্য হয়ে গত বছরের সেপ্টেম্বরে অনির্দিষ্টকালের জন্য সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা করতে হয়েছিল। আমরা নির্বাচিত সরকারের আগমনের অপেক্ষায় ছিলাম।
তিনি আরও বলেন, সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে ভালো সিনেমা দরকার। আশা করছি, নতুন সরকার দেশি ও বিদেশি সিনেমা আমদানিতে আমাদের মতো হল মালিকদের সহযোগিতা করবেন।
জানা গেছে, এক সময় বগুড়া জেলাজুড়ে ৩৮টি সিনেমা হল সচল ছিল, কিন্তু বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭টিতে। এর মধ্যে ৩১টি হল ভেঙে ফেলা হয়েছে। এই সংকটের মধ্যে মধুবন সিনেপ্লেক্সের পুনরায় চালু হওয়া স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।