আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিয়াম আহমেদের আলোচিত ছবি ‘রাক্ষস’ নিয়ে ইতোমধ্যেই উন্মাদনা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আইটেম গানের শুটিং সেটের একটি ছবিতে দেখা গেছে, সিয়ামের সঙ্গে পারফর্ম করছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
রহস্যের অবসান ঘটিয়ে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এবং পরিচালক মেহেদি হাসান হৃদয় নিশ্চিত করেছেন, এই আইটেম গানে সিয়ামের সঙ্গে উপস্থিত হয়েছেন নাতালিয়া। এটি তার প্রথম বাংলা চলচ্চিত্রের পারফর্ম্যান্স।
আইটেম গানটির সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ, কণ্ঠ দিয়েছেন তিনি এবং কণ্ঠশিল্পী দোলা। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
‘রাক্ষস’ পরিচালক মেহেদি হাসান হৃদয়এর দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি শাকিব খানের সঙ্গে নির্মাণ করেছিলেন ‘বরবাদ’। পরিচালক জানিয়েছেন, ‘রাক্ষস’ সিনেমায় ভায়োলেন্সের মাত্রা ‘বরবাদ’র তুলনায় তিনগুণ বেশি।