ভারতের বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। সোমবার (৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
সামাজিক মাধ্যমে অভিনেতা দেবদূত ঘোষ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট ছাড়াই চলে গেলেন আমাদের প্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী।
প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার সকালে সাড়া পাওয়া যাচ্ছিল না অভিনেতার। পরিচারিকা ডাকাডাকি করলে কোনো প্রতিক্রিয়া না পেয়ে দ্রুত চিকিৎসক ডাকা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, ভোররাতে ঘুমের মধ্যে হৃদরোগে তিনি প্রয়াত হয়েছেন।
তমাল রায় চৌধুরীর পরিবারে স্ত্রী, পুত্র এবং কন্যা রয়েছেন। দীর্ঘ অভিনেতা জীবনে তিনি অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন। প্রিয় এই শিল্পীর বিদায়ে টালিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।