সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে অভিনেতা জায়েদ খানকে নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয় নানা আলোচনা। ছবিটিতে তাকে নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের বেশে দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন—তিনি কি সত্যিই আমেরিকায় গিয়ে দিনমজুরের কাজ করছেন? আবার কেউ কেউ তার নতুন লুকের প্রশংসাও করেছেন।
পরে জানা যায়, বিষয়টি বাস্তব নয়। এটি জন কবির পরিচালিত ‘আমেরিকান ড্রিম’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। সেখানে একেবারে খেটে খাওয়া সাধারণ প্রবাসী বাঙালির চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।
মাত্র আড়াই মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রবাসী জীবনের সংগ্রাম, ত্যাগ ও অজানা বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে।
নিজের এই কাজের সাফল্যে উচ্ছ্বসিত জায়েদ খান বলেন, “এবার ঈদের বড় বড় সিনেমার ট্রেলারের চেয়েও আমার এই ছোট কাজটি বেশি সাড়া পাচ্ছে। আমেরিকা, কানাডা, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা আমাকে প্রশংসা জানাচ্ছেন।”
যারা তাকে নিয়ে ট্রল করতেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সমালোচনাকে পাশে সরিয়ে আমি শুধু নিজের কাজে মন দিয়েছি। এই চরিত্রের জন্য ওজন কমিয়েছি, নিজেকে নতুনভাবে গড়েছি। এখন অভিনয়টাই আমার ধ্যান-জ্ঞান। দর্শকদের এই ভালোবাসা আমার কাজের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। সামনে আরও ভালো কিছু নিয়ে আসব।
দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকলেও ‘আমেরিকান ড্রিম’-এর মাধ্যমে জায়েদ খান প্রমাণ করলেন, সুযোগ পেলে তিনি একজন ভালো অভিনেতা হিসেবেও নিজেকে মেলে ধরতে পারেন