বিগতদিন একটি ইফতার অনুষ্ঠানে হাজির হয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী হিনা খান। প্রিয় তারকাকে ঘিরে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড় এতটাই বৃদ্ধি পায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রাথমিকভাবে অনুরাগীদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করলেও ভিড়ের চাপ এবং চিৎকারে অসহায় হয়ে পড়েন হিনা। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। শেষ পর্যন্ত নিজেই এগিয়ে এসে হিনা সবাইকে উদ্দেশ্য করে বলেন, “চুপ, একেবারে চুপ। শান্ত হন আপনারা।” তার এই তৎপরতার ফলে কিছুটা শান্তি ফিরে আসে অনুষ্ঠানস্থলে।
উল্লেখ্য, হিনা খান সম্প্রতি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অনুষ্ঠানে হাজির হয়ে তিনি প্রমাণ করেছেন, ব্যক্তিগত প্রতিকূলতা সত্ত্বেও পেশাগত দিক থেকে তিনি প্রেরণার উৎস হয়ে উঠেছেন।