দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় দীর্ঘদিনের বিতর্কিত ব্যক্তিগত জীবন নিয়ে এবার প্রকাশ্য বক্তব্য দিয়েছেন। অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ-র সঙ্গে পরকীয়া অভিযোগের কারণে তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম বিজয়ের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেছেন।
রোববার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয় তার ব্যক্তিগত জীবন সংক্রান্ত গুঞ্জন নিয়ে মুখ খুলেন। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যা রটছে এবং যা ঘটছে, হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানো মানে আপনার মূল্যবান সময় অপচয় করা।”
দীর্ঘদিনের বিতর্কের মাঝেই সম্প্রতি বিজয় অভিনেত্রী তৃষার সঙ্গে এক বিয়ে বাড়িতে উপস্থিত হন, যা নেটিজেনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
আইনগত প্রক্রিয়ায়, বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই দিনেই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে, স্ত্রী সঙ্গীতা জানিয়েছেন, ২০২১ সালেই তিনি স্বামীর সম্পর্কের বিষয়ে অবহিত হন। এরপর বিজয় বারবার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ করেননি।