আসন্ন ঈদে মুক্তি পাবে নতুন টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

Posted by

এইবারের ঈদুল ফিতর উপলক্ষে নতুন টেলিছবি ফ্রেমে বাঁধা বন্ধুত্ব একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির ট্যাগলাইন হবে— “সময় বদলায়, বন্ধুত্ব নয়।”

সিনেমার মূল কাহিনী অনুযায়ী, এক যুবক তার স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের আলোঝলমলে শহরে আসেন। কিন্তু এরপরই স্ত্রীর সঙ্গে তার স্বামীর সম্পর্কের মধ্যে শুরু হয় একের পর এক প্রতারণা। অন্যদিকে, দেশ থেকে আসা একজন বন্ধু আরেক বন্ধুকে সহায়তা করছেন, হাতে কলমে ব্যবসার কৌশল শিখাচ্ছেন এবং শেখাচ্ছেন কিভাবে এই মহানগরের প্রতিকূলতায় টিকে থাকা যায়।

যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা নঈম ইমতিয়াজ নয়ামুল পরিচালিত এই টেলিছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান, মামনুন হাসান ইমন এবং এমদাদ এইচ ভূঁইয়া। অধরা খান এবার প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। এছাড়া, টেলিছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এমদাদ এইচ ভূঁইয়াকে।

নির্মাতার মতে, পুরো শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে। তিনি বলেন, “সিনেমাটি প্রবাস জীবনের নিঃসঙ্গতা, অজানা সংগ্রাম এবং হাসির আড়ালে লুকিয়ে থাকা বেদনার গল্প ফুটিয়ে তুলবে। আশা করছি, প্রবাস জীবনের আবেগঘন গল্পটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *