ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাকে স্কুলছাত্রীদের সঙ্গে আপত্তিকর ও অশ্লীল দৃশ্যায়নের অভিযোগে হরিয়ানা রাজ্য নারী কমিশন তলব করেছে। বাদশার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানটিতে নারীদের অসম্মানজনকভাবে দেখানো এবং স্কুলছাত্রীদের স্কুল ড্রেসে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করা হয়েছে। বিতর্কের কারণে গানটি ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত ১ মার্চ গানটি মুক্তি পাওয়ার পরই সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, স্কুল ড্রেস পরা ছাত্রীরা কাঁধের ব্যাগ নামিয়ে চটুল কথার তালে আপত্তিকর নাচ করছেন। গানটিতে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সাধারণ শ্রোতা ও অধিকারকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
হরিয়ানা নারী কমিশনের সভাপতি রেনু ভাটিয়া ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ উপস্থাপনা বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একই অভিযোগের ভিত্তিতে পঞ্চকুলার সাইবার ক্রাইম শাখায় অভয় চৌধুরী নামের এক ব্যক্তি বাদশার বিরুদ্ধে লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করেছেন।
কমিশন বাদশাকে তলব করার পাশাপাশি পুলিশেরও দ্বারস্থ হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।
উল্লেখ্য, বাদশা এর আগেও একাধিকবার তার গানের দৃশ্যায়ন ও কথার কারণে বিতর্কের মুখে পড়েছেন। ২০২০ সালে তিনি বাংলার লোকশিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি লো’ গানকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছিলেন।