ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিম মানতাশা শোবিজে আবারো সক্রিয় হয়ে উঠেছেন। যদিও মাঝে কিছু সময় তিনি নিজেকে নাটক থেকে দূরে রেখেছিলেন, তবে ফটোশুট এবং বিজ্ঞাপনে নিয়মিত উপস্থিতি তাকে দর্শকের কাছে চোখে পড়ার সুযোগ দিয়েছে।
সম্প্রতি জানা গেছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে একটি বড় বাজেটের সিনেমায় নায়িকার প্রাথমিক প্রস্তাব পেয়েছেন মানতাশা। এ বিষয়ে অভিনেত্রী জানান, প্রাথমিক পর্যায়ে কিছু আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত আর কোনো নিশ্চিত তথ্য আমার কাছে নেই। সিনেমার নাম বা পরিচালকের নাম এই মুহূর্তে প্রকাশ করতে রাজি হননি তিনি।
মানতাশা সবসময়ই কাজ বেছে নেন। নাটক হোক বা বিজ্ঞাপন, তিনি তার পছন্দ ও মানসিক সন্তুষ্টির ভিত্তিতে কাজ গ্রহণ করেন। তিনি বলেন, শুরু থেকেই কাজের ক্ষেত্রে আমি একটু চুজি ছিলাম। এখন মনে হচ্ছে সময় এসেছে কাজের পরিমাণ বাড়ানোর।
২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই মিম মানতাশা তার বিশেষ অবস্থান তৈরি করেছেন শোবিজে। ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ হলেও সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।