দক্ষিণী সিনেমা অঙ্গনের বহুল আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা-র বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠ আয়োজনে রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ বসছে তাদের বিয়ের আসর।
তারকা জুটি সামাজিক মাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলেন ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ শিরোনামে। ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’—যা বহু বছর ধরে তাদের যুগল পরিচয়ের অংশ—সেই নামই বিয়ের আনুষ্ঠানিক পরিচয়ে স্থান পেয়েছে। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানান, এই নাম তাদের সম্পর্কের বিশেষ স্মারক হয়ে উঠেছে।
জমকালো আয়োজন হলেও বিয়েতে থাকছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। অতিথিদের পরিবেশন করা হবে কলাপাতায় ভোজ, যা দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। আপ্যায়নে বিশেষভাবে রাখা হয়েছে ডাবের পানি, যা পবিত্রতা ও আন্তরিকতার প্রতীক।
বিলাসবহুল রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। ঐতিহ্য আর তারকাখ্যাতির মেলবন্ধনে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ এখন বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত আয়োজন। ভক্তরা অপেক্ষায় রয়েছেন বিয়ের বিশেষ মুহূর্তগুলোর ঝলক দেখার জন্য।