সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী।
ইকরা নাসির সিদ্দিকী মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১১ ফেব্রুয়ারি তাকে মারধর করা হয়। তার অভিযোগ, তার প্রাক্তন স্বামী তাকে দীর্ঘক্ষণ ধরে শারীরিক নির্যাতন করেন এবং একপর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনার প্রেক্ষিতে তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে মামলা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরা নাসির তার শরীরের আঘাত প্রাপ্ত স্থানের চিহ্নের ছবি এবং মামলার কপি শেয়ার করেন। তিনি জানান, তিনি অনেক সময় ধরেই নির্যাতন সহ্য করে আসছিলেন। কিন্তু এখন তিনি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তার ভাবনা অনুযায়ী, নীরবতা শুধু অপরাধীকে সুরক্ষা দেয়, ভুক্তভোগীকে নয়।
তিনি আরও বলেন, এই লজ্জা তার নয়, বরং যারা নির্যাতন করেছে তাদের। তিনি অন্যের জন্য লজ্জা বা গ্লানি আর বয়ে বেড়াতে চান না। সেই সঙ্গে তিনি সকল নারীর নিরাপত্তা ও সাহসের জন্য তিনি প্রার্থনা করেন।