দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভারতের রাজস্থানের উদয়পুরে সম্পন্ন হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তারা উদয়পুর বিমানবন্দরে পৌঁছান এবং বিমানবন্দরে নামার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উদয়পুরের ‘মেমেন্টোস বাই আইটিসি হোটেল’-এ তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঘনিষ্ঠ প্রায় ৫০ জন অতিথি নিয়ে বিজয় ও রাশমিকা উদয়পুরে রওনা হন। সব মিলিয়ে অনুষ্ঠানে মোট ১০০ জন অতিথি অংশগ্রহণ করবেন।
প্রাথমিকভাবে আমন্ত্রিতদের তালিকায় তেলেঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র নির্মাতারা থাকলেও বলিউডের বড় কোনো তারকা উপস্থিত থাকবেন না। গত রোববার ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে এই জুটি আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন।
ভক্তদের দেওয়া ‘ভিরোশ’ নামটি গ্রহণ করে তারা তাদের বিয়েকে উল্লেখ করেছেন ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’ হিসেবে। বিবৃতিতে তারা আরও জানান, দীর্ঘদিন ধরে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ। তাদের জীবনে ভক্তরা সবসময় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন।