রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদে শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) এক ভয়ঙ্কর দুর্ঘটনায় একটি পর্যটকবাহিত বাস বরফ ভেঙে পানিতে ডুবে সাতজন নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের চীনা নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাসটি প্রায় তিন মিটার চওড়া বরফের ফাটলে পড়ে ১৮ মিটার গভীরে ডুবে যায়। উদ্ধারকাজে পানির নিচে ক্যামেরা ব্যবহার করা হয়।
ইরকুত্স্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ জানান, একজন পর্যটক বাস ডুবে যাওয়ার আগে বের হতে সক্ষম হয়েছেন। নিহতদের চূড়ান্ত জাতীয়তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে চীনের কনস্যুলেটকে বিষয়টি জানানো হয়েছে।
বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল শীতকালে বরফে ঢাকা থাকে। বরফের নিচে ঢেউয়ের ধাক্কার শব্দ এবং স্ফটিকের মতো সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। তবে হ্রদে চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয়েছে এবং অনুমোদনবিহীন সড়কে যানবাহন চলাচল নিষিদ্ধ। গভর্নর কোবজেভ বলেন, দুর্ঘটনাটি সেই অনুমোদনবিহীন পথে বাস চালানোর কারণে ঘটেছে এবং এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।