বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক মান্নার আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। সময় পেরিয়ে আজ দেড় যুগ, তবুও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। প্রিয় এই তারকাকে আজও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন তার ভক্তরা।
শৈশব থেকেই তার অভিনয়ের গভীর আগ্রহ ছিল। ঢাকায় পড়াশোনাকালীন উচ্চমাধ্যমিক শেষে ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশ নিয়ে রূপালি জগতে পা রাখেন তিনি।
১৯৮৬ সালের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা পাগলি হলেও ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ দিয়ে দর্শকের নজরে আসেন তিনি।
এরপর অন্ধ প্রেম, প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, দেশদ্রোহী, দাঙ্গা, ত্রাস,আম্মাজান ও লাল বাদশা’র মতো সুপারহিট সিনেমা উপহার দেন তার ভক্তদের। ধীরে ধীরে ঢালিউডের নির্ভরযোগ্য নায়ক হিসেবে পরিচিত হন তিনি।
অভিনয়ের পাশাপাশি মান্না প্রযোজক হিসেবে অত্যন্ত সফল ও দূরদর্শী ছিলেন। তার প্রযোজনায় লুটতরাজ, আমি জেল থেকে বলছি, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামীসহ বহু সাফল্য চলচ্চিত্র নির্মান করেছিলেন।
ক্যারিয়ারের সাফল্যে মান্না একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।
মান্না তার ব্যক্তিগত জীবনে অভিনেত্রী শেলী কাদেরকে বিয়ে করেছিলেন। তাঁদের একমাত্র পুত্র সন্তান সিয়াম ইলতিমাস মান্না। মান্না চলচ্চিত্রের পর্দায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আজও দর্শকের হৃদয় তাকে অমর করে রেখেছে।