এই সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বোর্ড অব পিস’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজার শাসনতন্ত্রের পর্যবেক্ষণের দায়িত্ব নিয়েছে এই সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ৫০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যাবে উদ্বোধনের দিনেই।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বোর্ড অব পিস’ এর প্রথম বৈঠক। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এর সুত্র অনুসারে এ তথ্য জানা যায়। এতে অংশ নিতে যাচ্ছে ২০ টিরও বেশি দেশের প্রতিনিধিদল।
কিন্তু কোন কোন দেশ এই অর্থায়নে প্রতিশ্রুতি দিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। এই পর্যন্ত সেনা মোতায়নের বিষয়ে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ৮ হাজার সেনা জুনের শেষের দিকে পাঠানোর কথা নিশ্চিত করেছে। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্ক, মিসর ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশ বোর্ড অব পিসে যোগদানের কথা নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, এটি হবে ইতিহাসের সবচেয়ে কার্যকর আন্তর্জাতিক বাহিনী। তিনি আরও জানান গাজায় নিরাপত্তা নিশ্চিতে আরও বেশ কিছু দেশ সেনা মোতায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
প্রসঙ্গত, গাজার প্রশাসন পরিচালনা ও পুনর্গঠন তত্ত্বাবধানে বোর্ড অব পিসে সদস্যরাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।