জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর ভুয়া গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে। এতে তার ভক্তদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে জানা যায়, তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তাই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ও টিকটক জুড়ে তিনি মারা গেছেন বলে একাধিক যে পোস্ট গুলো ছড়িয়েছে এসব গুজব বলে জানিয়েছেন, হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকার।
রুবেল খন্দকার তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।
হারুন কিসিঞ্জারের আরেক ছেলে সোহেল খন্দকারও গতকাল একটি পোস্টে জানিয়েছেন, আমার আব্বু সুস্থ আছেন। আগামীকাল বাসায় নিয়ে নিয়ে যাওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগলেও এখন অবশ্য গত কয়েকদিনের তুলনায় অনেকটা সুস্থ আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে আগামী দুই-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, নাটক ও কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেণ হারুন কিসিঞ্জার। দীর্ঘদিন পর্দায় নিয়মিত না থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মন জয় করে রেখেছে।