দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সাত, চট্টগ্রাম বিভাগে নয়, ঢাকা বিভাগে ছয় (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটিতে চার, ঢাকা দক্ষিণ সিটিতে দুই, খুলনা বিভাগে দুই, ময়মনসিংহ বিভাগে এক এবং রাজশাহী বিভাগে দুই জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ বছর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,৩০৯ জন, যার মধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে চার জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১,২২৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
অন্যদিকে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০২,৮৬১ জন এবং ৪১৩ জনের মৃত্যু হয়েছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।