আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থাকা ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে ভালোবাসা দিবসে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন। সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন প্রেমপত্রও।
চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে জানান, “দীর্ঘদিন তোমাকে না দেখে আমার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো।” আইনি জটিলতার কারণে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে জ্যাকলিনকে, তার জন্য ক্ষমাও চেয়েছেন। তিনি লিখেছেন, “দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না।” এছাড়া চিঠিতে দাবি করেছেন, জ্যাকলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।
ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো হেলিকপ্টারের গায়ে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সেই কারণেই এটি কেনা হয়েছে। পাশাপাশি দাবি করেছেন, এটি তার “কষ্টার্জিত” অর্থ দিয়ে কেনা, কোনো অপরাধের টাকায় নয়।
এটি প্রথমবার নয়; গত বছরের ভালোবাসা দিবসেও সুকেশ জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন সুকেশ। জ্যাকলিন বারবার সম্পর্ক অস্বীকার করলেও সুকেশ নিয়মিত জেল থেকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে আলোচনায় থাকছেন।