বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হওয়া ওই ফোনালাপে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানান শেহবাজ শরিফ। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান তিনি—এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান।
আলোচনায় দুই দেশের সম্পর্ককে ‘ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম’ উল্লেখ করে বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করতে চান বলেও জানান তিনি।
ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকাও উঠে আসে। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন দুই নেতা।
এ সময় তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরিফ। আমন্ত্রণের জবাবে ইতিবাচক সাড়া দেন বিএনপি চেয়ারম্যান।