ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এটি এ বছরের চতুর্থ ডেঙ্গু মৃত্যু। এর আগে ১২ জানুয়ারি, ১৯ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি তিনজন মারা গিয়েছিলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রাম বিভাগের।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগে সাতজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন (সিটি কর্পোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি রয়েছেন।