বড় ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। এমন এক সিদ্ধান্তের কথা জানালেন, যা শুধু তাঁর ভক্তদের নয়, গোটা সংগীতজগতকেই হতবাক করেছে। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন এই তারকা শিল্পী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা জানান অরিজিৎ নিজেই। ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেওয়া পোস্টে তিনি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন বছরের শুভেচ্ছা জানান। পোস্টে অরিজিৎ লেখেন, দীর্ঘদিনের এই সংগীতযাত্রা তাঁর কাছে ছিল অসাধারণ অভিজ্ঞতা, তবে এবার প্লেব্যাক সিঙ্গার হিসেবে সেই সফরের ইতি টানছেন তিনি।
ভারতীয় সংগীত জগতে শীর্ষস্থানীয় এই গায়ক জানান, ঈশ্বর তাঁর প্রতি সদয় ছিলেন এবং শ্রোতাদের ভালোবাসাই তাঁকে এতদূর পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে নিজেকে আরও শেখার সুযোগ দিতে চান তিনি এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজের মতো করে কাজ করতে চান। যদিও প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো দায়িত্ব নেবেন না, তবে সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না বলেও স্পষ্ট করেছেন অরিজিৎ। তিনি জানিয়েছেন, আগেই দেওয়া কিছু প্রতিশ্রুতি পূরণ করবেন এবং গান তৈরি করার কাজ অব্যাহত থাকবে।
এদিকে, অরিজিতের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই তার সিদ্ধান্তে হতবাক হয়েছেন। একই সঙ্গে প্রশ্ন উঠছে—এ কি সত্যিই প্লেব্যাক থেকে অবসর, নাকি সংগীতের নতুন কোনো অধ্যায়ের সূচনা?