বলিউডের পরিচিত পরিচালক লাভ রঞ্জন আনছেন একটি জমজমাট অ্যাকশন থ্রিলার, যেখানে মুখ্য চরিত্রে থাকবেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত এবং তামান্না ভাটিয়া। আপাতত ছবির শিরোনাম রাখা হয়েছে ‘রেঞ্জার’, তবে এটি টেন্টেটিভ টাইটেল বলে জানিয়েছেন পরিচালক।
সাক্ষাৎকারে লাভ রঞ্জন বলেন, “চূড়ান্ত নাম এখনও ঠিক হয়নি। মুক্তি আরও প্রায় ১১ মাস বাকি, তাই আশা করছি তার মধ্যে নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব। ছবির মুক্তি চলতি বছরের ৪ ডিসেম্বর লক্ষ্য করা হয়েছে।”
সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিকটি হলো, অজয় দেবগন এবং সঞ্জয় দত্ত প্রথমবারের মতো অ্যাকশন ঘরানার ছবিতে একসঙ্গে অভিনয় করছেন। দীর্ঘ অভিনয় জীবনে তারা একাধিক ছবিতে দেখা গেলেও কখনও একসঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেননি। পরিচালক উল্লেখ করেন, “২৫ বছরেরও বেশি সময়ে অজয় স্যার আর সঞ্জু স্যার অনেক ছবি একসঙ্গে করেছেন, কিন্তু কোনো অ্যাকশন ফিল্ম নয়। এবার প্রথমবার তাদের অ্যাকশন ছবিতে একসঙ্গে দেখা যাবে, যা সত্যিই রোমাঞ্চকর।”
এর আগে এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে ‘মেহবুবা’, ‘হাম কিসিসে কম নেহি’, ‘অল দ্য বেস্ট’, ‘রাস্ক্যালস’ এবং ‘সন অব সর্দার’-এ। এছাড়া সালমান খানের ‘রেডি’ এবং অজয়ের ‘রাজু চাচা’ ছবিতেও অতিথি শিল্পী হিসেবে তারা একসঙ্গে উপস্থিত ছিলেন। যদিও দুজনেই আলাদাভাবে ‘এলওসি কার্গিল’, ‘ট্যাঙ্গো চার্লি’ এবং ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’-র মতো অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন, তবে কোনো ছবিতেই তাদের অ্যাকশন দৃশ্যে একসঙ্গে দেখা যায়নি।