ঢাকার মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় মালবাহী ট্রাকচালক মো. হোসেন ও অটোরিকশা চালক সবুজ হত্যার পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ আদেশ দেন। আদালতের নির্দেশে, পলাতক থাকায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন এবং পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেন।
হোসেন হত্যা : বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে গত ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. আকরামুজ্জামান। এ মামলায় ২০ জন পলাতক রয়েছে।
সবুজ হত্যা : বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে গুলিবিদ্ধ হন ২২ বছরের সবুজ। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৪৫০-৫০০ জনকে আসামি করে গত বছরের ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন সবুজের ভাই মনির হোসেন। মামলার এজাহারে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের নাম ছিল না। তবে তদন্ত শেষে গত ২৭ নভেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। অভিযোগপত্রভুক্ত ২১ জনই পলাতক রয়েছে।