প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত নেপালের মুস্তাং জেলার ‘জমসম’ শহরটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই শহর, এখানেই রচিত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহানের নতুন গান ।
জানা যায়, ‘ও জান’ গানটির শুটিং সম্পন্ন হয়েছে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠাণ্ডার মধ্যেই। এই মিউজিক ভিডিওর মাধ্যমেই এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে সুনেরাহ ও রেহানকে। মনমুগ্ধকর পরিবেশে পুরো শুটিং এর অভিজ্ঞতাই ছিল ভিন্নরকম।
আলোচিত গান ‘ময়না’-র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট এটি। আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
সুনেরাহ শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস হচ্ছে জমসম। ঠাণ্ডা প্রচুর থাকা সত্ত্বেও জায়গাটার সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। দর্শক গানটি দেখলে শুধু গল্প নয়, এই জায়গার প্রেমেও পড়ে যাবেন।
‘ও জান’ এই মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ হয়েছে বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে বলে জানিয়েছেন, নির্মাতা তানিম রহমান অংশু। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রত্যাশিত এই রোম্যান্টিক মিউজিক ভিডিও টি।