দীর্ঘ সময়ের প্রেমের গুঞ্জনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুর। শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছর ভালোবাসা দিবসেই সাত পাকে বাঁধা পড়বেন এ দুই তারকা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন ধানুশ ও ম্রুণাল ঠাকুর। তবে বিয়েটি হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারবেন তারা।
এদিকে, বিয়ের নিয়ে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেনি দুই তারকা। যার ফলে তাদের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা।
দীর্ঘ এক বছর ধরে প্রেমের গুঞ্জন চলছিল এ জুটির। ব্যক্তিগত অনুষ্ঠান, জন্মদিন, সিনেমার বিশেষ প্রদর্শনীতে প্রায়ই একসঙ্গে দেখা যেত এ দুই তারকাকে। হাতে হাত ধরে হাঁটা, কখনও কানে ফিসফিস করে কথা বলার মুহূর্তগুলোতে প্রায়ই ক্যামেরাবন্দি হতে দেখা যেত তাদের।
তবে এসব মুহূর্তকে প্রতিবারই ধানুশ-ম্রুণাল ‘ভালো বন্ধুত্ব’ বলে দাবি করেছেন। প্রেমের সম্পর্ককে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দেন তারা। যদিও সম্প্রতি তাদের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে স্বীকার করেছেন, তারা ডেট করছেন। তবে প্রেমের সম্পর্ক এখনই জনসমক্ষে আনার ইচ্ছা নেই এই তারকা জুটির।