দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব।
বুধবার (১৪ জানুয়ারি) শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই জুটি অবশেষে এক ছাদের নিচে বসবাসের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেরাই এই সুখবর নিশ্চিত করেছেন।
বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে রাফসান বলেন, ‘আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করলাম। একই সঙ্গে এই যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি আমরা। আজ, আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং এক সঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।
জানা গেছে, গত শনিবার জেফারের নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ঘরোয়া আয়োজনে ছোট করে তাদের গায়ে হলুদও অনুষ্ঠিত হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে, সোশ্যাল মিডিয়ায় এমন কথা শোনা যায়। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়।