জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। গেল বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে এক বছরের মধ্যেই এই সংসার ভাঙনের পথে।
জানা গেছে, গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসানের ডিভোর্স কার্যকর হবে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।
তাহসান ও রোজার ঘনিষ্টজনেরা জানিয়েছেন, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। সে কারণেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করা—এমন সিদ্ধান্ত নেন তিনি। সংসারকেই দিতে চেয়েছিলেন অগ্রাধিকার।
অন্যদিকে, বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়েছে। নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে।