শাকিব খানের সঙ্গে আবারও পর্দায় ফিরতে চান অপু বিশ্বাস

Posted by

ঢালিউডের একসময়ের সবচেয়ে সফল ও জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনে দীর্ঘদিন তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তবে সুযোগ এলে আবারও ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে চান অপু বিশ্বাস—এমনই ইঙ্গিত দিলেন অভিনেত্রী। প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু, আর এই ফেরা ঘিরেই ফের আলোচনায় এসেছে জনপ্রিয় শাকিব-অপু জুটি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’-এর একটি ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খানের সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়ে মুখ খোলেন অপু। শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার।

অভিনেত্রী বলেন, আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের ইচ্ছার বিষয়ে বলতে চাই—যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে। আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, অপু বিশ্বাস বর্তমানে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের কোনো বড় উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *