বাবার নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন ড. শামারুহ মির্জা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবার প্রতি ভালোবাসা ও ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শামারুহ মির্জা জানান, নাগরিক সংবর্ধনায় যোগ দিতে তার বাবা সেদিন ঠাকুরগাঁও যাচ্ছেন। বাবাকে খুব মিস করছেন উল্লেখ করে তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি পরিবারের কৃতজ্ঞতা ও ভালোবাসার কথাও জানান।
পোস্টে একটি সাম্প্রতিক কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন তিনি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বাবার রাষ্ট্রীয় পরিচয় যা-ই হোক, তার কাছে তিনি সবসময়ই ‘আব্বু’ এবং ‘হিরো’।
শামারুহ মির্জার এই আবেগঘন বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বাবা-মেয়ের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের প্রকাশ নেটিজেনদেরও স্পর্শ করেছে।