সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ইন্টারনেটে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে তাঁর পরিবার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সূত্র।
ইলিয়াস কাঞ্চনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একশ্রেণির অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন। প্রকৃতপক্ষে, চিকিৎসকদের পরামর্শে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এই বরেণ্য অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছে পরিবার।
নিসচার দায়িত্বশীল নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত সত্যতা যাচাই না করে তথ্য প্রকাশ করা অত্যন্ত অনৈতিক। যাচাই-বাছাই ছাড়া এমন খবর ছড়িয়ে পড়ায় ইলিয়াস কাঞ্চনের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবারও চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যান এই অভিনেতা।
দেশে ফেরার পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন চলচ্চিত্রের সহকর্মী আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ অনেকে।