নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। তবে নিজের দল নিয়ে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাসরিফ বলেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে। নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার আঘাতে শত শত পর্যটক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা বাড়ছে।’
দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর দেশে ও বিদেশে থাকা অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে তাঁদের খোঁজ নিয়েছেন বলেও জানান তাসরিফ। সবার উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তাসরিফ শুধু নিজের ও দলের সদস্যদের জন্যই নয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদে থাকা মানুষের জন্যও দোয়া করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনেন।’