আবারও পিছিয়েছে দক্ষিণি তারকা বিজয় দেবেরাকোন্ডার বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘রাণাবালী’র মুক্তির তারিখ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিনেমাটির নতুন একটি পোস্টার শেয়ার করে বিষয়টি নিজেই জানিয়েছেন বিজয়।
রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রাণাবালী’র গল্প তৈরি হয়েছে ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে। সিনেমাটিতে স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্রিটিশদের অর্থনৈতিক নীতি এবং খরার ভয়াবহ প্রভাব তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও তাঁর স্ত্রী রাশমিকা মান্দানা। ছবিতে বিজয়ের স্ত্রীর চরিত্র ‘জয়াম্মা’য় দেখা যাবে রাশমিকাকে। এ ছাড়া ‘দ্য মামি’খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড ভসলোকে সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে।
এর আগে ‘রাণাবালী’ আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তির কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করেছেন নির্মাতারা। ওই দিন প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।